কুমিল্লার মুরাদনগর উপজেলায় ব্যক্তিগত বিরোধের জের ধরে নজরুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতক আবুল হোসেনকে (২৮) আটক করেছে থানা পুলিশ।
শনিবার রাত সোয়া ৯টায় উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের আবদুল মালেকের পুত্র। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানির কর্মচারী।
আটক হওয়া ঘাতক আবুল হোসেন একই গ্রামের আলেক মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, রাত সোয়া ৯টার দিকে পাঁচকিত্তা গ্রামের একটি ব্রিজের ওপর নজরুল ইসলামের সাথে আবুল হোসেনের ব্যক্তিগত বিরোধ নিয়ে তর্কাতর্কি হয়।
এক পর্যায়ে আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে নজরুলকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক আবুল হোসেনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমই





