গাজীপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ইজিবাইকচালক আহত হয়েছেন।

সোমবার বিকেলে ঢাকা বাইপাস সড়কে মহানগরের মেঘঢুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ থানার পয়ালী এলাকার মফিজুল ইসলাম (৫০) ও তার ছেলে আজিজ (১৭)। মফিজুল তার পরিবার নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার শাহাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সোমবার দুপুরে মফিজুল ছেলে আজিজকে নিয়ে তার গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। তারা জয়দেবপুর থেকে ইজিবাইকযোগে পূবাইল যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকটি ঢাকা বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মফিজুলের মৃত্যু হয়। তার ছেলে আজিজ ও ইজিবাইকচালক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠায়। এ সময় চিকিৎসক আজিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পথে আজিজের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে ।

এমআর