সোহাগ পরিবহনের এক চালকসহ তিন কর্মচারীকে আটকের প্রতিবাদে বেনাপোলে চলছে মালিক-শ্রমিক ঐক্যজোট পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘট। এতে এই এলাকা থেকে দুরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

১৯ মে (মঙ্গলবার) রাত ৮টার পর থেকে বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিম বঙ্গের সবক’টি কাউন্টার থেকে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিবহন ব্যবসায়ী সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেনাপোল আসার পথে           মঙ্গলবার (১৯ মে) ভোরে ফরিদপুরের মধুখালী নামক স্থানে যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি এসি বাসে ডাকাতি হয়।

যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ওই বাসের চালকসহ তিন কর্মচারীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, বাস চালক আয়নাল, হেলপার শাকিল ও রোড চেকার রবিউল ইসলাম।

আটকের ঘটনায় বাস চালকের প্রতি অবিচার করা হয়েছে দাবী করে পরিবহন মালিক সমিতির নেতারা তার মুক্তির দাবীতে ধর্মঘট ডাকেন।

এ ধর্মঘটের কারনে বেনাপোলের বিভিন্ন কাউন্টারে আটকা পড়েছে শত-শত ভারতীয় ও বাংলাদেশী পাসপোর্ট যাত্রী।

বেনাপোল গ্রীনলাইন পরিবহনের ম্যানেজার শুভ্রত বাবু জানান,পরিবহন শ্রমিকদের উপর পুলিশি হামলা ও আটকের প্রতিবাদে বেনাপোল থেকে সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বেনাপোল সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

এসএইচ