নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি যন্ত্রাংশ তৈরির কারখানা থেকে পায়ে ও কোমরে শিকল বাঁধা অবস্থায় আনোয়ার হোসেন (২৫) নামে এক শ্রমিককে উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার শিবপুরে সোহেলের যন্ত্রাংশ তৈরির কারখানা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- কারখানার ম্যানেজার মুন্নু (৪৫), বিল্লাল (২৫) ও মনির (২০)। এ সময় মালিক সোহেল পালিয়ে গেছেন।

আনোয়ার বগুড়া সদর থানার কর্ণপুর দক্ষিণপাড়ার আব্দুল মজিদের ছেলে।

আড়াইহাজার থানার ওসি আলমগীর জানান, বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুল হক শিবপুরে সোহেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় অভিযান চালান। এ সময় সেখানে আনোয়ার নামে এক শ্রমিকের পায়ে ও কোমরে লোহার শিকল বাঁধা ও তালা লাগানো অবস্থায় দেখতে পান।

তিনি সেখান থেকে আনোয়ারকে উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেন তিনি।

মুক্ত হওয়া আনোয়ার জানায়, গত ছয় মাস আগে তিনি এই কারখানায় চাকরি নেন। ওই সময় মালিক সোহেল তাকে ৩০ হাজার টাকা অগ্রিম দেন। তিনি এ টাকা না দিয়ে পালিয়ে যাবেন অজুহাতে দুই মাস আগে তার ওপর নির্যাতন চালিয়ে তার পায়ে ও কোমড়ে লোহার শিকল দিয়ে বেঁধে তিন দিন টয়লেটে আটকে রাখেন।

পরে, দুই মাস ধরে তাকে পায়ে ও কোমরে শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে কারখানায় কাজ করাতেন। দেহ থেকে এক মুহূর্তের জন্যও শিকল খোলা হতো না বলেও জানান তিনি।

এএইচ