সিলেটে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সাঈদ আহমদসহ ১৩ নেতাকর্মীকে কারা ফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলী আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ছাত্রদল সভাপতি সাঈদ আহমদসহ আটক ১৩ নেতাকর্মীকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের শুনানি শেষে বিচারক কারা ফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
অন্যরা হলেন-সুমিন আহমদ চৌধুরী, জিয়াউর রহমান রুমেল, রেজওয়ান হোসেন, আহমদ জাকি, মো. মিজান আহমদ, মাছুম আহমদ, সাওয়াল ওরফে সাগর, আলী আকবর রাজন, আক্তারুজ্জামান চৌধুরী, আফজাল হোসেন, ফয়েজ আহমদ এবং রাইসুল ইসলাম সনি।
শুক্রবার বিকালে নবগঠিত সিলেট ছাত্রদলের কমিটি নিয়ে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। পুলিশ এ ঘটনায় ছাত্রদল সভাপতি সাঈদ আহমদসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে।
বিস্ফোরক আইনে পুলিশ ৪০-৫০ জনকে আসামি করে মামলা করে। মামলা নং-১৫(৯)১৪।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





