নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া ও কলমুডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতবোমা হামলা ও মারধরে ৪ বাংলাদেশি আহত হয়েছেন।
শনিবার গভীর রাতে এ হামলায় আহতরা হলেন, হাপানিয়া গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে আমিনুল হক (৩৫), বেলডাঙ্গার ইউনুস আলীর ছেলে আব্বাস আলী (৩৯), সাপাহারের বলদিয়াঘাট গ্রামের মফিজুর হক (৫২) ও তার ছেলে শরিফুল হক (২৭)।
তাদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নওগাঁ ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, হাপানিয়া সীমান্তের ২৩৭ মেইন পিলারের কাছে ৩১ বিএসএফ ব্যাটালিয়নের টহল দল বাংলাদেশিদের লক্ষ্য হাতবোমা ছোড়ে এবং কলমুডাঙ্গা সীমান্তে পান্নাপুর বিএসএফের আরেকটি টহল দলের সদস্যরা বাংলাদেশিদের মারধর করে।
তিনি বলেন, রাতে ১০/১২ জনের একটি দল ভারতে গরু আনতে গিয়েছিল। বিএএসএফ চোরাচালানি সন্দেহে তাদের উপর হামলা চালায়।
বিজিবি এই হাতবোমা হামলার প্রতিবাদ জানিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





