সাভারের রানা প্লাজা ধস ও আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এসব চেক প্রদান করা হয়। হতাহত শ্রমিক পরিবারের সদস্যদের সহায়তা দেয়ার ধারাবাহিকতায় রানা প্লাজা ধস ও তাজরিনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৪ জনের স্বজনদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

রানা প্লাজায় নিহত ২২ জনের স্বজনদের প্রত্যেককে ২ লাখ থেকে ১০ লাখ টাকার অনুদান দেওয়া হয়। একইসঙ্গে তাজরিনে নিহত ১২ জনের স্বজনদের প্রত্যেককে ৭ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

নিহতের ছেলে-মেয়ে, স্বামী বা স্ত্রী, মা-বাবা, শ্বশুর-শাশুড়ি প্রত্যেককে আলাদাভাবে এ টাকা দেওয়া হয়েছে। এক্ষেত্রে একই পরিবারের সদস্য দুইজন হলে তারা মোট ১৪ লাখ টাকা, তিনজন হলে মোট ২১ লাখ টাকা করে পেয়েছেন, ৪ জন
বা ৫ জন হলে আরো বেশি টাকা পেয়েছেন।

স্বজনদের প্রত্যেকেই যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে সেদিকটা বিবেচনা করে আলাদা আলাদাভাবে এসব সহায়তা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর হাত থেকে সহায়তা নেওয়ার সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের অপূরণীয় ক্ষতি হয়তো পূরণ হবে না কোনোদিন। তবে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপে খুশি সবাই।
গুরুতর আহতের মধ্যে একজনের চলাচলের অসুবিধা দেখে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে হুইল চেয়ারের ব্যবস্থা করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন সহায়তা নিতে আসা সকলেই।

দুর্ঘটনার সময় কিছু লাশ চিহ্নিত করা যায়নি। পরে লাশগুলোকে ডিএনএ টেস্ট এর মাধ্যমে চিহ্নিত করা হয়। ন্যাশনাল ফরেনসিক ল্যাবটরিতে ডিএনএ টেস্ট করে এসব লাশ সনাক্ত করা হয়। এসব টেস্ট এর জন্য ল্যাবরেটরিতে ৫০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রীর।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ১৬ জন ছেলেকে ওল্ড রাজশাহী ক্যাডেট এসোসিয়েশন এবং ২১ জন মেয়েকে আঞ্জুমানে মফিদুল ইসলামে থাকা, খাওয়া ও পড়াশুনার ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

একুশ বছর পর্যন্ত তাদের সকল ভরণ-পোষণের দায়িত্ব পালন করবে সরকার। এ রকম আরো ২৫০ জন ছেলেমেয়ের জন্য ভরণ-পোষণের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

এছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় গুরুতর আহত ৪০ জনের নিয়মিত চিকিৎসা চালানো হচ্ছে। এর আগে রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ২২ কোটি ১৩ লক্ষ ৫৫ হাজার ৭২০ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ ও তত্ত্বাবধায়নে এসব সহায়তা দেওয়া হয়েছে।

জেআই