জীবানুমুক্ত খাদ্যদ্রব্য সংরক্ষণের লক্ষ্যে গবেষণার মাধ্যমে প্রায়োগিক আবিস্কারের পাশাপাশি বিষমুক্ত খাদ্যদ্রব্য জনগণের কাছে পৌঁছে দিতে বিসিএসআইআরকে পরামর্শ দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য ইমরান আহমেদ, মোঃ আয়েন উদ্দিন এবং নূরুল ইসলাম মিলন সভায় অংশ নেন। এসময় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর কার্যক্রম বিশেষ করে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয়।

সভায় বিসিএসআইআর উদ্ভাবিত আবিষ্কারসমূহ থেকে প্রত্যাশিত ফল প্রাপ্তির লক্ষ্যে এগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মোঃ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ