ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও শিক্ষাবিদ ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে নানা সমস্যাসহ দু:খ-কষ্ট আছে, কিন্তু যুব ক্ষমতার দিক দিয়ে কোনো কমতি নেই। তাই রাজনৈতিক সমস্যাসহ সকল সমস্যা সমাধানে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্বরণ সভায় তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকো সৃতি সংসদ এই স্বরণ সভার আয়োজন করে।

ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, যে কোনো নির্বাচনের তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু আমরা দেখলাম তা অন্য জায়গা থেকে উচ্চারিত হলো। যা কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কাঙ্খিত নয়।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিলো। যে পরিবারটি এদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল আজ সে পরিবারের উপর অবিচার করা হচ্ছে।

তিনি বলেন, পাকিস্তান আর ভারতের মতো আলোচনা পর্যালোচনা করে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়নি। এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম লাভ করেছে বাংলাদেশ।

এমাজ উদ্দিন বলেন, আমাদের এই দেশে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে। যা পৃথিবীর অন্যকোনো দেশে নেই । প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে ও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক দিনকালের সম্পাদক ড. রেজোয়ানা সিদ্দিকী, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর দেলোয়ার হোসেন প্রমুখ।

কেএইচ