সাতক্ষীরায় একটি যাত্রীবাহী বাস ও বেবিট্যাক্সির মধ্যে সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিদা খাতুন (৪৫) ও তার মেয়ে সালমা খাতুন (২০)। তাদরে বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে।
আহতরা হলেন একই উপজেলার তুজলপুর গ্রামের ফাতেমা খাতুন ও মাধবকাটি গ্রামের রনি হোসেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেবিট্যাক্সিতে করে সাতক্ষীরা শহরে যাচ্ছিলেন শাহিদা খাতুন ও তার মেয়ে সালমা খাতুন। পথে ছয়ঘরিয়া মোড়ে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী বেবিট্যাক্সিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। অপর দু'জন আহত হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





