অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়ানো হবে। তবে এ আদালতকে সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার ৩ দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আইন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, 'আইন পরিবর্তন করে জেলা প্রশাসকরা মোবাইল কোর্টে কিছু কিছু বিষয়ে ক্ষমতা দেয়ার কথা বলেছেন। এ বিষয়ে আমরা উদ্যোগ নেব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়কে আইন পরিবর্তনের প্রস্তাব দেবে।'

এখন ভ্রাম্যমাণ আদালত সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড দিতে পারে।

আওতার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের শাস্তি বাড়ানো হবে কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 'সিরিয়াস অফেন্সের জন্য আলাদা শাস্তি আছে। আমি মনে করি, এ আইনের (ভ্রাম্যমাণ আদালত) জন্য এ শাস্তিই (২ বছর কারাদণ্ড) যথেষ্ট।'

ডিসিদের সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতায় চাওয়ার বিষয়টিকে কিভাবে দেখেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, '২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর এখন আইন পরিবর্তন না করে এটা করা সম্ভব নয়। এটা করতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না।'

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ