মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁওয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ৮জন আহত হয়েছেন বলে জানা যায়।

রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ১০টি বসতঘর ভাঙচুর করা হয়।গুলিবিদ্ধ শফিকুল ইসলামকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাওন খান বাবু (১৯), মানসুরা (৩৫), জহির (১৭) ও রুবেলসহ (১৫) বাকি আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাসুম ও স্থানীয় বিএনপির কর্মী ইসমাইল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে পাল্টাপাল্টি হামলা চালিয়ে একপক্ষ অন্যপক্ষের অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর করে।

গজারিয়া থানার ওসি ফেরদৌস আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ