গাইবান্ধায় প্রেম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন র্যাব কর্মকর্তা। গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের রুপার বাজারে সোমবার রাতে ওই ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে র্যাবের উপপরিদর্শক মোনাহার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রুপার বাজারে জেসমিন আক্তার নামের এক মেয়ের সঙ্গে দেখা করতে এসে যশোর র্যাব-৬-এর ওই উপপরিদর্শক গণধোলাইয়ের শিকার হন।
জেসমিন আক্তার জানান, ময়মনসিংহ পলিটেকনিকে পড়ার সময় ২০১০ সাল থেকে মোনাহারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন মোনাহার। পরে তিনি অন্য মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকেন। কিছুদিন পর আবার জেসমিনের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলেন মোনাহার। সাংসারিক অভাব-অনটনের কথা বলে জেসমিনের কাছ থেকে টাকা ধার চান তিনি। টাকা নিতে জেসমিনের গ্রামের বাড়ির কাছে রুপার বাজারে এলে গ্রামের লোকজন বিষয়টি জেনে যায়। মোনাহার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দেয়।
তবে মোনাহার হোসেন জানান, জেসমিনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বন্ধুত্বের সম্পর্ক। সেই সূত্রে জেসমিনের বাড়িতে এলে তাকে ফাঁসানো হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ‘মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





