নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)- এর একজন কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ইয়াবা বিক্রির সময়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মুক্তিনগর বটতলা এলাকাতে এ অভিযান চলে। আটককৃতের নাম সোলেমান মিয়া (৩২)। তিনি সিআইডি ঢাকা হেডকোয়ার্টারের কনস্টেবল। তার বাড়ি বন্দরের লাঙ্গলবন্দ এলাকাতে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টায় অভিযান চালিয়ে সোলেমানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২১ নভেম্বর বন্দরের ধামগড় পুলিশ ফাঁড়িতে ৯০০ পিস ইয়াবা বিক্রির সময়ে আটকের পর একজন এসআই, একজন এএসআই ও দুইজন কনস্টেবলকে বরখাস্ত করেছিল জেলা পুলিশ সুপার।
কেএইচ





