একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতিকে জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থিতা বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
আজ (রোববার) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানান। ইসি সচিব বলেন, জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীর প্রার্থীতা বাতিলের আইনগত কোনো সুযোগ নেই।
নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতার ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে চার ব্যক্তির করা একটি রিট আবেদন গত মঙ্গলবার শুনানি করেন হাইকোর্ট। শুনানি শেষে ওই নেতাদের প্রার্থিতার বিষয়টি ইসিকে তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলে হাইকোর্ট।
সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “আদালত আমাদের তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছিলেন। আমরা আজ নিষ্পত্তি করেছি। কাল আদালতকে জানাবো।”
রিট আবেদনটি করেন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবির।
রিটে ‘ধানের শীষ’প্রতীকে ২২ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩ জন জামায়াত প্রার্থীর ভোটে অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।
এসএম/এমবি





