কুলাউড়ার ঝিমাই চা বাগান শ্রমিকদের সঙ্গে খাসিয়াদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে বাগানের শ্রমিকরা উত্তেজিত হয়ে খাসিয়াদের ধাওয়া দিলে দুইপক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

শুক্রবার দুপুরে চা বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চা বাগান কর্তৃপক্ষের দাবি, খাসিয়ারা বাগানের শ্রমিকদের কয়েকটি বসতঘর ভাঙচুর করেছে।

তবে খাসিয়ারা জানান, তাদের উচ্ছেদের জন্য বাগান সংশ্লিষ্টরা সড়যন্ত্র করছেন।

চা বাগান সংশ্লিষ্টরা জানায়, কয়েকদিন থেকে ফ্রি লাইসেন্সের মাধ্যমে বন বিভাগের পক্ষ থেকে চা বাগানের গাছ মার্কিংয়ের কাজ চলছে। ফলে গাছ পাহারা দেয়ার জন্য ঝিমাই চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য বাগানের বিভিন্ন সেকশনে অস্থায়ী কিছু ঘর নির্মাণ করে। কিন্তু ঝিমাই চা বাগানে বসবাসরত কতিপয় খাসিয়ারা কয়েকজন শ্রমিকের ঘর ভেঙে দেয়।

এ ব্যাপারে ঝিমাই চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন  জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাগানের গাছ কাটা হচ্ছে। তবে খাসিয়ারা প্রায় সময় বাগানের শ্রমিকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। বাগান পাহারাদারের বসতঘর ভেঙে দিয়েছে তারা।

তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে আদিবাসী নেত্রী বাবলী থালাং  জানান, বাগান কর্র্তৃপক্ষ গাছ কেটে তাদের উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিমুল বারী  জানান, খাসিয়াদের বাগানের জায়গায় শ্রমিকদের ঘর নির্মাণে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য বলা হয়েছে। এরপরও আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেয়া হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, বিষয়টি জানা জন্য একজন পুলিশ পরিদর্শককে ঘটনাস্থলে পাঠিনো হয়েছে। ঘটনার বিবরণ জেনে আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে।

এদিকে, উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে স্থানীয় খাসীয়ারা কুলাউড়া স্টেশন এলাকায় শুক্রবার বিকেল ৪টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এ সময় আদিবাসী নেতারা বলেন, তাদের উচ্ছেদ করা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা।

জেআই