ফেনীতে ছাত্রলীগ নেতা নিহত হওয়ায় এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে অন্তত ১৫/২০টি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা।

সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল বাইপাস এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম আরাফাত হোসেন (২৫)। সে ফেনী সরকারি কলেজের বিবিএস শেষ বর্ষের ছাত্র।

আরাফাত সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম সিলোনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

ফেনী হাইওয়ে পুলিশের ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে কলেজে যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিলেন আরাফাত। এসময় নোয়াখালীগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ কর্মীরা মহাসড়ক অবরোধ করে ১৫/২০টি গাড়ি ভাঙচুর করে ও সড়কের ডিভাইডার উপড়ে ফেলে।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমকে