নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ মে) রাত ১০টার দিকে সৈয়দপুর-দিনাজপুর সড়কের শ্বাসকান্দর মোড় এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. অসীম রায় জানান, কয়েকজন মানুষ ভ্যানে করে মরদেহটি হাসপাতালে নিয়ে আসেন। নিহতের শরীরে হাঁটুর পেছনে ও এক হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন রয়েছে।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম জানান, যেখানে খুনের ঘটনাটি ঘটেছে, সে জায়গাটি সৈয়দপুরের অদূরে হলেও সীমানার কারণে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর এলাকায় সংযুক্ত। তাই প্রাথমিক তদন্ত ও মরদেহের পরিচয় শনাক্তে সৈয়দপুর থানা পুলিশ কাজ করছে। তবে মামলা ও তদন্তকাজ পরিচালনা করবে পার্বতীপুর থানা পুলিশ।

এমবি