কুমিল্লায় আবুল বাশার (৩০) নামে এক নৈশ প্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার শামবকসী (বল্লবপুর) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত আবুল বাশার বল্লবপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল বাশার একই এলাকার ইসলামিয়া ব্রিক্সে নৈশ প্রহরীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার রাতে তিনি কর্মস্থলে এলেও শনিবার ভোরে ফেরেননি।

সকালে স্থানীয়রা ওই ইট ভাটার অফিসে জবাই করা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধা করে।

এ বিষয়ে থানার এসআই নকুল বিশ্বাস জানান, এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমআইএস