ভূমিকম্পের সময় কুমিল্লা ইপিজেডে আতঙ্কে ভবন থেকে হুড়োহুড়ি করে নীচে নামতে গিয়ে ৩টি কারখানার কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে চায়না ও ইংল্যান্ডের যৌথ মালিকানাধীন কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেড, বিএমটি ইন্টারন্যাশনাল ও জি চাং সুজ (বিডি) লি. নামের কারখানাগুলিতে এ ঘটনা ঘটে।
ইপিজেড তুং হিং ম্যানুফ্যাকচারিং লি. এর মানবসম্পদ বিভাগের কর্মকর্তা কাউসার আলম মিয়াজী জানান, কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের ৪ তলা ভবনটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক এবং অপর ২টি কারখানায় আরো অন্তত দেড় সহস্রাধিক শ্রমিক এসময় কর্মরত ছিলেন। হঠাৎ ভূমিকম্পের সময় তারা আতঙ্কে সিঁড়ি দিয়ে হুড়াহুড়ি করে নামার সময় অনেকেই আহত হয়েছেন।
কুমিল্লা ইপিজেডের জিএম আবদুস সোবহান সাংবাদিকদের জানান, ভূমিকম্পের সময় আতঙ্কে দ্রুত নামতে গিয়ে ফ্যাক্টরির কিছু শ্রমিক আহত হয়েছেন, তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ইপিজেড মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ্ সোহেল জানান, ইপিজেড থেকে এ পর্যন্ত ৫০ জন শ্রমিক ভর্তি হয়েছেন, তাদের অধিকাংশ ভয়ে অজ্ঞান হয়ে গেছেন।
এদিকে, শ্রমিক আহতের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাদের স্বজন, ইপিজেড ও সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তারা। এছাড়া ভূমিকম্পের সময় নগরীর অভিজাত বহুতল মার্কেট ও ভবনগুলির বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুল মার্কেটের দোকানি ও ক্রেতারা ভূমিকম্পের আতঙ্কে হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন।
জেআই





