বাংলাদেশ ও মিয়ানমার থেকে অবৈধভাবে যাওয়া কয়েকশো অভিবাসী বহনকারী একটি নৌকাকে তীরে ভিড়তে দেয়নি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। বলা হচ্ছে, উপকূলের কাছ থেকে ওই নৌকাটিকে তাড়িয়ে দেয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, নৌকায় যারা ছিলো তাদেরকে খাবার দাবার ও জ্বালানী সরবরাহ করা হয়েছে।

অভিবাসন বিষয়ক জাতিসঙ্ঘ সংস্থা আইওএম বলছে, আটশোর মতো অবৈধ অভিবাসী তাদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের ওপর নৌকায় ভাসছে।

তাদেরকে তীরে ভিড়তে দেওয়ার আহবান জানিয়েছে সংস্থাটি।

এদিকে, মিয়ানমার থেকে যাওয়া ৩৫০ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা সমুদ্রে গত কয়েকদিন ধরে ভাসছে বলে জানা গেছে।

বলা হচ্ছে, গত তিন দিন ধরে তাদের কাছে খাবার দাবার ও পানি নেই।

রোহিঙ্গাদের নিয়ে কাজ করে এরকম একটি বেসরকারি সংস্থা আরাকান প্রজেক্ট বিবিসিকে জানিয়েছে যে তারা নৌকায় অবস্থানকারী কয়েকজনের সাথে টেলিফোনে কথাও বলেছেন।

কর্মকর্তারা বলছেন, তাদের মধ্যে ৫০জন নারী ও ৮৪জন শিশু।

নৌকার আরোহীরা তাদেরকে জানিয়েছেন যে পাচারকারীরা গত রবিবার তাদেরকে ফেলে চলে গেছে।
গত দুই দিনে ১,৬০০ অভিবাসী সমুদ্র পথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছে।

সংবাদদাতারা বলছেন, উপকূলে থাইল্যান্ডে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ার পর পাচারকারীরা রুট পরিবর্তন করে ইন্দোনেশিয়ার দিকে নিয়ে যাচ্ছে। সূত্র : বিবিসি।

এএইচ