বহুল আলোচিত দেশের অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ (১৫ নভেম্বর) রোববার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলেন তিনি আমির নির্বাচিত হন।

একই সম্মেলেন মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

হেফাজতের আমির নির্বাচিত হয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমি এ পদ গ্রহণ করতে চাইনি। মুরুব্বিরা জোর করে এই দায়িত্ব আমাকে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এ দায়িত্ব পালন করতে পারি।

এর আগে আজ (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হাটহাজারী মাদ্রাসায় সম্মেলনস্থলে প্রবেশ করেন হেফাজতের শীর্ষ নেতারা। এরইমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হক সহ প্রায় চার শ’ নেতা।

হেফাজতের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে কর্মী-সমর্থকদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়।

তবে এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়াত আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকরা। তাদের দাবি, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ।

এমবি