মৌলভীবাজারের বড়লেখায় সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় ডাকাতরা পালিয়ে গেছে। এর দুদিন আগে জনতা এক ডাকাতের চোখে চুন লাগিয়ে নষ্ট করে পুলিশে সোর্পদ করেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের রতুলী নামক স্থানে ৮-১০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে। এ সময় সেখান থেকে সিলেটের জকিগঞ্জ উপজেলার জীবার আহমদ, আব্দুশ শহীদ ও বদরুল হক এবং বিয়ানীবাজার উপজেলার আব্দুল আহাদ ও সমুন আহমদকে ছয়টি দা ও এক বান্ডিল সুতাসহ আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় ডাকাতরা পালিয়ে যায়।
এর আগে, গত শনিবার রাতে বড়লেখার দক্ষিণভাগের দোহালিয়া গ্রামের মনীপুরী সম্প্রদায়ের সুরজিত সিংহের বাড়িতে সংঘটিত ডাকাতি মামলার প্রধান আসামি আছকর আলীকে উপজেলার পাহাড়ি ডিমাই এলাকা থেকে আটক করে জনতা। উত্তেজিত জনতা আছিকর আলীর দুই চোখে চুণ লাগিয়ে চোখ নষ্ট করে পুলিশে সোপর্দ করে।
বড়লেখা থানার ওসি আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পাঁচ ডাকাত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য । এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





