পিরোজপুর মো. আসলাম খলিফা (২৪) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে সদর উপজেলার দক্ষিণ শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসলাম দক্ষিণ শংকরপাশা গ্রামের হাবিবুর রহমান খলিফার ছেলে। তিনি কোয়েল পাখির ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গত রাতে আসলাম পার্শ্ববর্তী বৌডুবি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে তাঁর ওপর হামলা করে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর লাশ বাড়ির সামনে ধান খেতে ফেলে যায়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
শংকরপাশা ইউনিয়নের গ্রামপুলিশ (দফাদার) মো. আসাদুজ্জামান বলেন, আসলামের মাথা, ঘাড় ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের জখম দেখা গেছে।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, আসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি





