চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সাইফুজ্জামান মিন্টু, তার দুই কন্যা তাসরিন (১২) ও তাসপিয়া (১৪)।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় সাইফুজ্জামান মন্টু (৪০), তার স্ত্রী কনিক আক্তার (৩৫) ও ১০ বছরের শিশুপুত্র মন্টি আহত হয়েছেন।

তারা বান্দরবন থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, সকালে ফৌজদারহাট বন্দর সড়কের মোডে একটি লরি বন্দর সড়কে যাওয়ার জন্য মোর নেয়ার সময় দুটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়।

এ সময় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন তাদের বাবা-মাসহ অপর এক শিশু।

বারআউলিয়া হাইওয়ে থানার এসআই কাউছার বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। তবে লরিটি আটক করা সম্ভব হয়নি।