বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বন্দর নগরী চট্টগ্রামে চলছে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচী।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নগরীর রেয়াজউদ্দিন বাজারে এই কর্মসূচী উদ্বোধন করেন নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এসময় নগর বিএনপির যুগ্ন সম্পাদকসহ বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্রে জানা যায়, সকাল থেকে রেয়াজউদ্দিন বাজারে কর্মসূচী শুরু হলেও দুপুরের পর একযোগে পুরো নগরীতে লিফলেট বিতরণ করা হবে।
প্রসঙ্গত, ঢাকার বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।
এর প্রতিবাদে বিএনপি চার দফায় বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষরতা অভিযান, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের মত কর্মসূচি পালন করে।
গত ২২ ফেব্রুয়ারি বিএনপি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার অনুমতি চাইলেও পুলিশ তা না দেওয়ায় ২৪ ফেব্রুয়ারি ঢাকায় কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালন করে দলটি।
দুই পৃষ্ঠার লিফলেটের শিরোনাম হচ্ছে : শেখ হাসিনার ১৫ হাজার কোটি টাকার দুর্নীতির মামলা প্রত্যাহার/খারিজ বনাম উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন মামলায় বেগম খালেদা জিয়ার কারাদণ্ড।’ এই লিফলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘উদ্দেশ্যমূলক, কাল্পনিক ও সাজানো’ মামলায় কারাদণ্ড প্রদান এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামলার মধ্যে ৬টি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার ও অন্য ৯টি মামলা হাইকোর্ট কর্তৃক খারিজের পটভূমি তুলে ধরা হয়েছে। এ ৯টি দুর্নীতি মামলায় সর্বমোর্ট অর্থের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা।
লিফলেটের একেবারে শেষ প্রান্তে বলা হয়, এক টাকাও দুর্নীতি না করে বেগম খালেদা জিয়াকে যদি জেলে যেতে হয়, তবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনা ও অন্যান্যদের কি শাস্তি হওয়া উচিৎ তা ভবিষ্যতে জনগণের আদালতেই নির্ধারিত হবে।
মাসুম/এমআর





