বঙ্গোপসাগরে দস্যুরা হানা দিয়ে মাছ ও অন্যান্য মালামালসহ এফবি আল্লাহ দান- ৮ নামে একটি মাছ ধরা ট্রলার ছিনতাই করে নিয়ে গেছে। এসময় দস্যুদের গুলিতে তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

তবে আহতসহ ১৪ মাঝি-মাল্লাকে দস্যুরা অপর একটি ট্রলারে করে ফেরত পাঠিয়ে দেয়।

বুধবার সন্ধ্যায় গুলিবিদ্ধ তিন জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন, বাঁশখালীর প্রেমাশিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে আতিকুর রহমান (৩৫), ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর এলাকার আবদুল কুদ্দুস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২৮) ও নোয়াখালীর রমগতি এলাকার আবদুল খালেক (৫০)।

আহতরা জানিয়েছেন, চট্টগ্রামের দিল মোহাম্মদ নামে এক ব্যক্তির মালিকাধীন এফবি আল্লাহ দান-৮ নামে একটি মাছ ধরা ট্রলার নিয়ে ১৪ মাঝি-মাল্লা সাগরে মাছ ধরতে যান। বুধবার সকালে বঙ্গোপসাগরের গুলিরদার নামের পয়েন্টে দস্যুরা তাদের ট্রলারে হানা দেয়। এসময় দস্যুদের ছোড়া গুলিতে তিন জেলে আহত হন। দস্যুরা আহতদের সহ ১৪ মাঝি-মাল্লাকে অপর একটি ট্রলারে তুলে দিয়ে জাল, মাছ ও অন্যান্য মালামাল সহ এফবি আল্লাহ দান-৮ ট্রলারটি ছিনিয়ে নিয়ে যায়।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানিয়েছেন, সাগরে সম্প্রতি দস্যুতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে সাগরে কক্সবাজারের ১৩টি ট্রলার ডাকাতি হয়েছে।

কেএইচ