রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নাগরিকদের মাঝে বিতরণ করা হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)। গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণের কাজ।
শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ থানার ২৭ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া সিটি রোড, কমলদাহ রোড, ফায়ার সার্ভিস স্টেশন এলাকার সব নাগরিকদের বকশিবাজার সরলারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।
শুক্রবার সকাল থেকেই বকশিবাজার সরলারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর সংখ্যক ভোটারদের স্মার্ট কার্ড সংগ্রহ করতে দেখা গেছে।
রমনা থানা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা বলেন, ছুটির দিন থাকায় আজ সংশ্লিষ্ট এলাকার জনগণ সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের স্মার্ট কার্ড সংগ্রহ করছেন।
আশা করি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো অনেক মানুষ এখানে এসে কার্ড সংগ্রহ করবেন। তাই আজ আমাদের কর্মীদের চাপ সামলাতে একটু কঠিন হয়ে পড়ছে।
কথা হয় কমলদাহ রোড এলাকার মোহাম্মদ বশীর মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমি একটি সরকারি ব্যাংকে চাকরি করি। অনেকদিন ধরেই খুব চিন্তায় ছিলাম যে অফিস ছুটি না পেলে স্মার্ট কার্ড সংগ্রহ কীভাবে করব।
কিন্তু আজ ছুটির দিনেই আমাদের এলাকার বাসিন্দাদের স্মার্ট কার্ড দিচ্ছে। তাই সকাল সকাল এখানে কার্ড নিতে চলে এসেছি।
দ্বিতীয় দফায় স্মার্ট কার্ড বিতরণের তালিকা থেকে জানা যায়, এ দফায় রাজধানীর গুলশান থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৬, ২৭ ও ২৮, কোতয়ালী থানার ৩২ ও ৩৩ এবং ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট বোর্ডে পর্যায়ক্রমে ১১ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে।
প্রথম ধাপের কার্ড বিতরণ শেষে দ্বিতীয় ধাপে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনগুলোতে বিতরণ করা হবে।
তৃতীয় ধাপে দেশের ৬৪টি সদর উপজেলায় এবং চতুর্থ পর্যায়ে বাকি সব উপজেলাসহ দেশের সব স্থানে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে ইসি। যেকোনো সমস্যায় ১০৫ নম্বরে কল করে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধান করা যাবে।
এমএনজে





