পাবনার ভাঙ্গুড়ায় নৌকাযোগে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে পড়ে নৌকার মাঝির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দিলপাশা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাঝির নাম রাশেদ হোসেন (৩০)। তার বাড়ি ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা গ্রামে। নিখোঁজ যুবকের নাম জনি (২৪)। তার বাড়ি পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকায়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর জানান, ঘটনার সময় ভাঙ্গুড়া থেকে কাজ শেষে শ্যালোইঞ্জিনচালিত নৌকাযোগে দিলপাশা গ্রামে ফিরছিলেন কয়েকজন যাত্রী।

দিলপাশা বিল দিয়ে যাওয়ার সময় নৌকার ছাদে (ছইয়ের ওপর) বসেছিলেন মাঝি রাশেদ ও তার আত্মীয় জনি। এ সময় অন্ধকারে মাথার ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে পড়ে যান তারা দুজন।

বিষয়টি টের পেয়ে নৌকার মাঝিসহ অন্য যাত্রীরা নৌকা থামিয়ে তল্লাশি করে রাশেদ হোসেনের মৃতদেহ উদ্ধার করেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন জনি।

ওসি আবু জাফর আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। নিখোঁজ যুবকের সন্ধানে নদীর বিভিন্ন স্থানে জাল ফেলে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর