রাজধানীতে বনানীর সৈনিক ক্লাব এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মারা গেছে।

বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে গাজীপুর থেকে ছেড়ে আসা সায়েদাবাদগামী (ঢাকা মেট্রো-জ-১৪-১২০৩) একটি বাস সড়ক বিভাজকের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রীরা জানান, বনানীর পরেই বলাকা পরিবহনের দুটি বাস একটি অপরটির আগে যেতে চাইলে দুর্ঘটনাটি ঘটে।

বনানী থানার উপ পরিদর্শক সোহরাব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইল্যান্ডের পাশে উল্টে পড়া বাসের নিচ থেকে এক জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটিকে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ডেমরায় ট্রাক চাপায় এক রুলিং মিলের শ্রমিক ইদ্রিস (৭০)নিহত হয়েছেন। রাত ১২.৩০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি খুলনার খানজাহানে বলে জানা গেছে।

জানা যায়, রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ডেমরা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে গেলে রাত ২.৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিসকে মৃত ঘোষণা করে।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই, জেএ