রাজশাহীর বাগমারা উপজেলায় স্বামী সাজ্জাদ হোসেনকে (২৮) বালিশ চাপা দিয়ে স্ত্রী খুশি বেগম হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
সাজ্জাদ হোসেন উপজেলার গনিপুর ইউনিয়নের রঘুপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী নিহত সাজ্জাদের স্ত্রী খুশি বেগমকে আটক করে বাগমারা থানা পুলিশে সোপর্দ করেছে। নিহত সাজ্জাদ হোসেন এক সন্তানের বাবা।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, সাজ্জাদের সঙ্গে প্রায় ৮ বছর আগে বিয়ে হয় খুশি বেগমের। তার বাবার বাড়ি মোহনপুর উপজেলার চাঁচিপাড়া গ্রামে। বিয়ের পরে তাদের ঘরে একটি ছেলে সন্তানও জন্ম নেয়। ছেলে ইসাহাকের বয়স বর্তমানে ছয় বছর।
সম্প্রতি খুশি বেগম মোবাইলফোনে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। এ নিয়ে তাদের সংসারে প্রায় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই জের ধরে ঈদের কয়েকদিন আগে খুশি তার বাবার বাড়িতে চলে যান। পরে ঈদের মধ্যে সাজ্জাদ হোসেন গিয়ে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্বামী সাজ্জাদ হোসেনকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন বলে খুশির বিরুদ্ধে অভিযোগ উঠে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী খুশিকে আটক করে পুলিশের সোপর্দ করে।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন জানান, তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় খুশির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হচ্ছে।
এমএনজে





