স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ছিটমহল শেষ, সমস্তটাই বাংলাদেশ। এটাই এখন সত্য। কারণ এখন আর কোনো ছিটমহল নেই। আমরা বাংলাদেশের মূল ভূখণ্ডে চলে এসেছি।’

পঞ্চগড় জেলার সদর উপজেলার অভ্যন্তরে ভারতীয় গাড়াতি ছিটমহলবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশী নাগরিক হিসেবে স্বাগত জানিয়ে ছিটমহলবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের জন্য বর্তমান সরকার সব ব্যবস্থা করবে। আপনারা কোন চিন্তা করবেন না। বাজেটে আপনাদের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এখানে সড়ক উন্নয়ন, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা-মন্দিরসহ সব করা হবে। এক কথায় আপনাদের যেখানে যা লাগবে সবকিছু করা হবে। দেশের স্বাভাবিক উন্নয়নের সঙ্গে ছিটমহলবাসীরাও এগিয়ে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ ছাড়াই শুধু ছিটমহল নয়, আরেকটি দেশ তথা সমুদ্র জয় করেছেন। উন্নয়নের লক্ষ্য স্থির করে তিনি দেশপ্রেম নিয়ে এগিয়ে চলেছেন। কোন গুলি অথবা কামানের গোলা খরচ না করে, কোন সৈনিকের আত্মাহুতি ছাড়া দূরদর্শিতা ও দক্ষতার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিটমহল উদ্ধার করেছেন। প্রধানমন্ত্রীর মধ্যে দেশপ্রেম আছে বলেনই এটা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলার মানচিত্রে ৩৬টি ছিটমহলের অবস্থান বর্ননা করেন। এসময় তিনি জনগণনার সর্বশেষ অবস্থাও বর্ননা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার জনগণনার শেষ দিনে পঞ্চগড় সদর উপজেলার ৭টি ছিটমহলের ৮ জন, বোদা উপজেলার ২৩টি ছিটমহলের ৫৩জন, দেবীগঞ্জ উপজেলার ৬টি ছিটমহলের ৪২২ জনসহ মোট ৪৮৩জন ছিটমহলবাসী ভারতে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন ফরম পূরণ করেছেন। এসব ছিটমহলে জন্মসূত্রে ১৫৮২ জন ও বৈবাহিক সূত্রে ৪১৮ অন্তর্ভুক্ত হয়েছেন। মৃত্যুজনিত কারণে অথবা এলাকা ছেড়ে যাওয়ায় বাদ পড়েছেন ২৭৯ জন। ২০১১ সালের ভারত-বাংলাদেশ যৌথ জনগণনা অনুযায়ী পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলের লোকসংখ্যা ছিল ১৯ হাজার ৪৩ জন।

মতবিনিময় অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দীন আহমদ, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড় ও নীলফামারী শাখার সভাপতি মো. মফিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ