ঝালকাঠির কাঁঠালিয়ায় বাল্য বিয়ের অপরাধে বর রিপন হাওলাদারকে (৪০) ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় এ রায় ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন। রিপন হাওলাদার বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের আবদুস সালাম হাওলাদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, উপজেলার বাঁশবুনিয়া গ্রামের এনায়েত খানের মেয়ে কাঠালিয়া পাইলট বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী রুনু আক্তারের সঙ্গে রিপনের বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় থানা এসআই আ. সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলা শহরের একটি বাসা থেকে তাদের আটক করে।
পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ সনের ৪ ধারায় বর রিপন হাওলাদারকে ১৫ দিনের জেল ও পাঁচ শত টাকা জরিমানা এবং কনে রুনু আক্তারকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।
ওসি জাহিদ হোসেন জানান, রিপন হাওলাদারকে শনিবার সকালে জেল হাজতে পাঠানো হবে।
কেএইচ





