কুড়িগ্রামে কেন্দ্র ঘোষিত নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব।

কুড়িগ্রাম প্রেস ক্লাবে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব তার পদত্যাগের কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘কেন্দ্র কর্তৃক ঘোষিত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাকিব ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে তাকে মনোনীত করে দল ও বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’

অনতিবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনেরও দাবি জানান তিনি। অন্যথায় জেলার বিভিন্ন পদে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা একযোগে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন।

এতে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী জামিল আহমেদ, সাধারণ সম্পাদক প্রার্থী রায়হান কবির প্রমুখ।

৮ নভেম্বর কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে কমিটি গঠন ছাড়াই সভাস্থল ত্যাগ করেন কেন্দ্রীয় নেতারা। পরে ৯ নভেম্বর ঢাকা থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, অনশনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

জেআই