কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, আবাদি জমিসহ বিস্তৃর্ণ জনপদ। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে জনপদটি প্রতিবছর ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে।
রোববার সরেজমিনে দেখা যায়, পদ্মার ভাঙনে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সিংহভাগ তলিয়ে গেছে। ইতিমধ্যে ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়সহ দেড় হাজার ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।
এছাড়া ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় যে কোন সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অবিলম্বে ভাঙন রোধের ব্যবস্থা না নিলে ইসলামপুর, ফিলিপনগর, পুর্ব ফিলিপনগরসহ ৫টি গ্রামসহ বেশ কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান বিলিন হয়ে যাবে বলে এলাকাবাসী জানিয়েছে।
এদিকে ভাঙন রোধের জন্য ৩ বছর পুর্বে পানি উন্নয়ন বোর্ড ২২ কেটি টাকা ব্যয়ে ব্লক তৈরী করলেও পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারনে তা ব্যবহার করা হয়নি।
স্থানীয় বাসিন্দা ও জাসদ দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন জানান, বিষটি পানিউন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তপক্ষকে জানানো হয়েছে।
তবে এ ব্যাপারে জানার জন্য পানি উন্নয়ন বোর্ড এর কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমূল হক পাভেল জানান, প্রাথমিকভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এআর





