বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহর সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।
বৈঠকে দুই দেশের সামরিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং কোর্স বিনিময় সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সঙ্গে সৌদি আরবের শীর্ষ সামরিক একাডেমিগুলোর সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান কৌশলগত ও সামরিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার প্রশংসা করেন। অন্যদিকে প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির জন্য সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
এস