ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টায় গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির আবুল কাশেম (৫৮), সদর উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান (৫২), জামায়াত কর্মী আক্তারুজ্জামান (৫০) ও জামায়াত কর্মী আশরাফুল হক (৪২)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি দাউদ হোসেন সাংবাদিকদের জানান, নাশকতার উদ্দেশ্যে জামায়াতকর্মীরা ওই এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশ থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

এদিকে আটককৃতদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে গ্রেফতারের নিন্দা জানিয়েছে জামায়াত। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাময়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ নিন্দা জানান।

তাদের মুক্তি দাবি করে ডা. শফিক বলেন, সরকার অব্যাহতভাবে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করে, মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে।

তিনি বলেন, অত্যাচার-নির্যাতন চালিয়ে মুলত ক্ষমতাসীনরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুঃশাসন চালিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সাথে সাথে জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

জারিফ