মাগুরায় সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংক মাগুরা শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নজরুল ইসলাম (৪৮) মারা গেছেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে।
মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে মাগুরা ঝিনাইদহ সড়কের ইছাখাদা আরএফএল কারখানার সামনে তিনি সড়ক দূর্ঘটনায় পড়েন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংক মাগুরা শাখার এজিএম নজরুল ইসলাম সম্প্রতি ঝিনাইদহ শহরে বাড়ি তৈরির কাজ করছিলেন। যে কারণে নিয়মিত মাগুরা থেকে অফিস শেষে তিনি মোটরসাইকেল করে ঝিনাইদহে যাওয়া আসা করতেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেয়ার পর আরএফএল কারখানার সামনে পৌঁছলে পিছন থেকে দ্রুতগতিতে অন্য একটি মোটরসাইকেল তাকে আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
অগ্রণী ব্যাংক মাগুরা ভায়নার মোড় শাখার ব্যবস্থাপক আসাদুর রহমান জানান, ফরিদপুর নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা দাফনের উদ্দেশ্যে মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।
নজরুল ইসলামের মৃত্যুতে তাঁর কর্মস্থলসহ গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
সাইফুল্লাহ/এমবি





