ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মোড়ে ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ ঝর্ণাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অভিজিৎ মারা যান। ঝর্ণা চিকিৎসাধীন আছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাসুদ জানান, রাত সাড়ে নয়টার দিকে কয়েকজন যুবক চাপাতি দিয়ে এই দুইজনকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
ঘটনাস্থলের কাছেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা চলার কারণে এলাকাটিতে জনসমাগম ছিল। তার মধ্যেই কুপিয়ে আহত করার ঘটনাটি ঘটে। তবে হামলার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
অভিজিৎ ও তার স্ত্রী দুজনই আমেরিকা প্রবাসী। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক। তাঁর লেখা নয়টির বেশি বই রয়েছে। অভিজিৎ বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায়ের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী পিনাক রায় জানান, ধারালো অস্ত্রধারী দু-তিনজন সন্ত্রাসী অভিজিৎ ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, বহিরাগত সন্ত্রাসীরা তাঁদের কুপিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মুক্ত মনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের সমকামিতার ওপর একটি বই বাজারে রয়েছে। সেই বই নিয়েও বিতর্ক রয়েছে।

জেআই, কেবি





