শায়েস্তাগঞ্জে বকুল ফুলের মালা বিক্রি করে লেখাপড়া চালাচ্ছে দুই ভাই। শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর গ্রামে মাছের ঘাট এলাকার রিক্সাচালক ইসলাম উদ্দিনের দুই ছেলে সজীব (৮), সাকিব (১০) প্রতিদিন  বকুল ফুলের মালা বিক্রি করে লেখাপড়ার খরচ চালায়। 

সজীব ও সাকিব দুজনই প্রাইমারী স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। বাবা রিক্সাচালক ইসলাম উদ্দিন রিক্সা চালিয়ে যা টাকা রোজগার করে তা দিয়ে খুব কষ্টে সংসার চলে। তিন ভাই এক বোনসহ ৬ জনের পরিবারে যা ইনকাম হয় তা দিয়ে দিন কাটছে কোন রকম।

মালা  বিক্রি করার সময় তাদের সাথে দেখা হয় রেলওয়ে জংশনে। আলাপকালে তারা দু'জনই জানায় তারা ৭ বছর বয়স থেকেই জংশনে প্রতিদিন মালা বিক্রি করে আসছে। এক একটা মালা ৫-৬ টাকা বিক্রি করে। দু'ভাই প্রতিদিন দুইশো টাকার মালা বিক্রি করতে পারে। মালা বিক্রির পাশাপাশি তারা লেখাপড়া করছে প্রাইমারী স্কুলে।

মালা বিক্রির টাকা দিয়ে খাতা, কলমও সংসারে খরচের জন্য টাকা দিচ্ছে বাবার কাছে। সাকিব ও সজিব আরও জানায়, বকুল ফুলের মালা তৈরী করে দিচ্ছে তার মা।  প্রতিদিনই ৫০-৪০ পিছ মালা বিক্রি করছে, রেলওয়ে স্টেশনে ও মার্কেটগুলোর সামনে। তাদের ইচ্ছা ভালভাবে লেখাপড়া করে বড় হয়ে চাকুরী করা এবং রিক্সাচালক পিতার মুখ উজ্জল করতে। পাশাপাশি তাদের ছোট ভাই বোনদের লেখাপড়া করানো ইচ্ছার কথা ও জানায় দু'জন।

বাবা রিক্সাচালক ইসলাম উদ্দিনের ও ইচ্ছা ছেলেদের লেখাপড়া করিয়ে মানুষের মত মানুষ করা।

জেআই