রাজশাহী মহানগরীর রায়পাড়ায় যুবক আলামিন হত্যা মামলায় একজনের ফাঁসি এবং অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
রোববার দুপুরে আদালতের বিচারক শিরিন কবিতা আকতার এ রায় ঘোষণা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক আলামিনের সৎ মামা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আব্দুল মালেকের খালাতো ভাইয়ের ছেলে।
অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, ২০১৩ সালের ৫ আগস্ট নসিমন-করিমনের চাঁদা তোলাকে কেন্দ্র করে সৎ মামা আব্দুল মালেক এবং তার সহযোগীদের হাতে ভাগিনা আলামিন খুন হন। নগরীর হড়গ্রাম কড়ইতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
হত্যাকাণ্ডের আগে বেশ কয়েকদিন ধরে আলামিনের সঙ্গে মামা মালেকের নসিমন-করিমন থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ওইদিন রাত পৌনে ৯টার দিকে হড়গ্রাম কড়ইতলা মোড়ে আলামিনকে চাকু দিয়ে পেটে আঘাত করে মালেক এবং তার সহযোগী জাহাঙ্গীর পালিয়ে যায়।
স্থানীয়রা আলামিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএনজে





