করোনাভাইরাস সংক্রামণ রোধে দেশের মানুষকে বড় ধরনের জনসমাবেশ বা গ্যাদারিং এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এই আহ্বানের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। করোনা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব জানান, “করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ করার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি।”

ইতালি থেকে আসা দুই জনের দেহে করোনার অস্তিত্ব বিমানবন্দরে শনাক্ত হলো না কেন?

এমন প্রশ্নে স্বাস্থ্য সচিব বলেন, “করোনা সংক্রমিত হলে ১৪দিন পর্যন্ত তা ধরা পড়ে না। তাই বিষয়টি শনাক্ত করা যায়নি। তবে এই দুই জন ইতালি থেকে আসার সময় কোন ফ্লাইটে ছিলেন, তাতে কারা কারা ছিলেন, আসার পর কাদের সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে খুঁজে বের করে টেস্ট করা হবে তারা সংক্রমিত হয়েছেন কিনা।”

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত নয়, পুনর্বিন্যাস করা হয়েছে। আজ সোমবার বিকালে বাস্তবায়ন কমিটির সভা হবে। সেই সভার পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

করোনা আতঙ্কে জিনিসপত্রের দাম বাড়া প্রসঙ্গে আনোয়ারুল বলেন, “জিনিসপত্রের দাম বাড়ার কোনও কারণ নাই। এই রোগ মোকাবিলায় মাস্ক পরার কোনও প্রয়োজন নাই। কারণ এটি ছোঁয়াচে রোগ।”

প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন এমন প্রশ্নে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, নির্দেশনা- প্রটোকল অনুযায়ী ব্যবস্থা হয়েছে, কোয়ারেন্টানের ব্যবস্থা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা হয়েছে। শুধুমাত্র যে নির্দেশনা সেটা হচ্ছে- যতোটা সম্ভব আমরা বড় গ্যাদারিং এড়িয়ে চলবো, সেটা নির্দেশনা।

এমবি