সাভারের রানা প্লাজা ধসে নিহতদের মধ্যে পরিচয় না জেনে যাদের দাফন করা হয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে আরো ৪৩ জনের পরিচয় সনাক্ত হয়েছে।
নতুন করে সনাক্ত এই ৪৩ জনের তালিকা রোববার ল্যাব থেকে শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে ল্যাবের প্রধান শরীফ মোহাম্মদ আখতারুজ্জামান জানান।
তিনি বলেন, এই নিয়ে রানা প্লাজা ধসে নিহতদের মধ্যে অজ্ঞাত পরিচয়ের মোট ২০০ জনের পরিচয় সনাক্ত করা হল। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১৫৭ জনের পরিচয় সনাক্ত করা হয়।
“এছাড়া আরো ১০ নমুনা পরীক্ষা-নিরীক্ষা চলছে। আর ১১২টি নমুনার সাথে দাবিকৃতদের কারোর নমুনা মিলছে না।”
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসে এক হাজার ১২৯ জন নিহত হন। তাদের মধ্যে ৩০০ জনের বেশি মানুষের পরিচয় সনাক্ত করা যায়নি। অজ্ঞাত পরিচয় হিসেবে তাদের রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]