প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র বাহাদুর পান্ডে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন।
এর আগে সোমবার বিকেলে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মহেন্দ্র বাহাদুর পান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা এ তথ্য জানায়।
মন্ত্রণালয় আরো জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকালে সার্কের লক্ষ্যসমূহ বাস্তবায়নে কীভাবে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক কিছু বিষয় যেমন- জ্বালানি, বিদ্যুৎ ও ট্রানজিট নিয়ে আলোচনা হয়েছে।
সার্ক শীর্ষ সম্মেলনের আগে ২৫ নভেম্বর কাঠমুন্ডুতে অনুষ্ঠিতব্য ৩৬তম "সার্ক কাউন্সিল অব মিনিস্টারস্" সেশনে অংশ নেওয়ার জন্য নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
প্রসঙ্গত, ২৬ ও ২৭ নভেম্বর নেপালের কাঠমুন্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী রবিবার ঢাকায় আসেন।
ইআর





