গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোকলেছ মিয়া (৩৭) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও চার যাত্রী আহত হন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকলেছ মিয়ার বাড়ি সিলেট। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৫ ব্যাটালিয়ন কুড়িগ্রামে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, মোকলেছ মিয়া সাগরিকা পরিবহনের একটি বাসে করে কর্মস্থল কুড়িগ্রাম ফিরছিলেন। পথে উপজেলার বকচর এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোকলেছ মারা যান ও বাসে থাকা চার যাত্রী আহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। নিহত বিজিবি সদস্যের লাশ গোবিন্দগঞ্জে অবস্থানরত বিজিবির সদস্যদের সহায়তায় তার কর্মস্থল কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





