সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে অবস্থিত বঙ্গবন্ধু ইকোপার্কে আগুন লেগে প্রায় ৫ একর জমির ছন ও পেয়ারা বাগান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. জামিল উদ্দিন জানান, দুপুরে হঠাৎ ইকোপার্কে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

কিন্তু ততক্ষণে পার্কের প্রায় ৫ একর জমির ছনক্ষেত ও পেয়ারা বাগান পুড়ে ছাই হয়ে যায়। তবে এসময় দর্শনার্থী ও পশুপাখির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরো জানান, দর্শনার্থীদের ফেলা জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেতু উদ্বোধনের পর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বনবিভাগ থেকে সেতুর উভয়পাড়ে ইকোপার্ক নামে দু’টি পৃথক ছোট পার্ক আকৃতির বনাঞ্চল গড়ে তোলা হয়।

এএইচ