বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদ্যুৎ উৎপাদন না করে জঙ্গি উৎপাদন করেছেন বলে মন্তব্য করেছন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে বিপ্লবী বাঘা যতীনের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদ্যুৎ উৎপাদন না করে জঙ্গি উৎপাদন করেছেন। আর মহাজোটের সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন করছে। শেখ হাসিনা জঙ্গি দমন করে ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে, গ্রাম হচ্ছে আলোয় আলোকিত। এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। এটা কেবল সম্ভব হয়েছে মহাজোটের নেতৃত্বের কারণে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা যতীন জাতীয় স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন। স্বাগত বক্তব্যে বাঘা যতীন জাতীয় স্মৃতি সংরক্ষণ কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুল শেখ বলেন, বাঘা যতীনের মতো সূর্য সন্তানরা বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন।
এ সময় জাতীয় নারী জোটের আহ্বায়ক ও মন্ত্রীর সহধর্মীনি আফরোজা হক রীনা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এম রাহাতুল ইসলাম, কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্তাফা কামাল, পুলিশ সুপার প্রলয় চিসিম, সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এআই





