বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনিদিষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে মিথ্যা মামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জেলা যুবদল।

নোয়াখালী জেলা ও বেগমগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে যুবদল নেতা আজিজুর রহমান নান্নুর নেতৃত্বে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বড় পোল থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমানিয়া হোটেলের সামনে গিয়ে সমাবেশ করে।

এসময় ইটপাঠকেল নিক্ষেপ করে সড়ক অবরোধের চেষ্টা করে যুবদল কর্মীরা। হঠাৎ করে সড়কে ইটপাঠকেল নিক্ষেপে লোকজন ও গাড়ি চালকরা দিকবেদিক ছুঁটাছুটি করতে থাকে।

সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা নান্নু অভিযোগ করে বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতাকে আকড়ে রেখে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের হত্যা, গুম, খুন নির্যাতন চালাচ্ছে। ২০ দলীয় নেতাকর্মীদের দমন নিপীড়নের অংশ হিসাবে একের পর এক মিথ্যা মামলা হয়রানি করছে।

তিনি অভিলম্বে কেন্দ্রীয় যুবদল সভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সাধারণ সম্পাদক বাবু কামাক্ষা চন্দ্রদাস সহ নেতা-কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক নুরুল আমিন মিলন, উপজেলা সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক, কপিল উদ্দিন সুফল, যুবদল নেতা শাহাদাত হোসেন, গোরাঙ্গ চন্দ্র, মনির হোসেন, মিজানুর রহমান নোমান, আবুল হোসেন মিলন, চমির চন্দ্র দাস, বাদল প্রমুখ।

এসএইচ