কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তালুক গ্রামের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের সাবেক অফিস সহকারী নাসির উদ্দিন মো. শাহজাহানকে (৬২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহতের ছেলে মো. মাজাহারুল ইসলাম। তিনি ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার তালুক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে তালুক গ্রামে একটি রাস্তাকে কেন্দ্র করে জেঠাতো ভাইয়ের ছেলে আবু সায়েমের সঙ্গে নাসির উদ্দিন মো. শাহজাহান ও তার ছেলে মাজাহারুল ইসলামের বাক্বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

এ সময় আবু সায়েম ওই দুইজনকে ছুরিকাঘাত করে। তাদের দ্রুত উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল জানান, তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।


এমএনজে