হাইকোর্টের নিষেধাজ্ঞার আলোকে বন্দরনগরী চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩০ আগস্ট থেকে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের এই অভিযান শুরু হবে।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদরদপ্তরে ব্যাটারিচালিত রিকশা চলাচল সংক্রান্তে হাটকোর্টে দায়েরকৃত রিটের সর্বশেষ আদেশসহ উচ্ছেদ সম্পর্কিত করণীয় বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিএমপি সূত্র জানায়, মতবিনিময় সভায় হাইকোর্টের আদেশে ব্যাটারিচালিত রিকশা চলাচলে বিধি নিষেধসহ এর ক্ষতিকর দিক যানজট, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উক্ত মতবিনিময় সভায় হাইকোর্ট ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনাসহ বর্তমান প্রেক্ষাপটে সকলের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ/উচ্ছেদের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে ব্যাটারিচালিত রিকশা মালিক ও চালকদের আগামী ৩০ আগস্টের মধ্যে সব রিকশা থেকে ব্যাটারি এবং মোটর খুলে সিটি কর্পোরেশনের অনুমতিক্রমে বিধি মোতাবেক রাস্তায় রিকশা চালানোর জন্য অনুরোধ জানানো হয়।
সিএমপির কর্মকর্তারা জানান, আগামী ৩০ আগস্ট থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ চট্টগ্রাম, জেলা প্রশাসন এবং সিএমপি যৌথভাবে ব্যাটারিচালিত রিকশা আটক/উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। উক্ত অভিযানকালে ব্যাটারিচালিত আটক রিকশা, ব্যাটারি এবং মোটর সরকারের অনুকূলে জব্দসহ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর যানজট নিরসনসহ জননিরাপত্তা বিবেচনা করে ব্যাটারিচালিত অবৈধ রিকশা আটক/উচ্ছেদ অভিযানে পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী জনসাধারণসহ নগরবাসীকে সর্বাত্মক সহায়তা করার জন্য সিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





